
এমএম রহমাতুল্লাহ: ঢাকার আইনজীবীদের বৃহত্তম সংগঠন ঢাকা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শেষ হয়েছে। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন আইনজীবীরা।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন ভোট দেন। মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, প্রায় দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন এবং কোনো বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
আগামী শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে। ফলাফল শুক্রবার রাত কিংবা শনিবার সকালে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে প্রধান দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা “নীল প্যানেল” এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থীরা “সবুজ প্যানেল” হিসেবে অংশ নিচ্ছেন। প্রতিটি প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ৮ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক পরিবর্তনের পর এবার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো সংগঠিত প্যানেল অংশ নেয়নি। তবে কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চাইলেও সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন।
নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়ায় ৩৪ শতাংশ ভোটগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।